আজাহার আলী, বগুড়া প্রতিনিধি
বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে টিএমএসএস। বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের ১৮ তলায় স্থাপিত “টিএমএসএস বায়ো-মলিকুলার ল্যাব” দেশের প্রথম পূর্ণাঙ্গ জেনেটিক ও মলিকুলার ল্যাব হিসেবে যাত্রা শুরু করেছে। ক্যান্সারসহ জটিল জেনেটিক রোগ নির্ণয় এবং প্রিসিশন চিকিৎসায় এটি এক মাইলফলক বলে বিবেচিত হচ্ছে।
রবিবার (১৩ জুলাই) বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিএমএসএস কর্তৃপক্ষ ল্যাবটির কার্যক্রম ও লক্ষ্য নিয়ে বিস্তারিত তুলে ধরে।
এতে জানানো হয়, ল্যাবটিতে ব্যবহৃত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং (NGS) প্রযুক্তি, যার মাধ্যমে ক্যান্সারসহ নানা জটিল রোগের জিনগত বিশ্লেষণ করে রোগীর জন্য সুনির্দিষ্ট চিকিৎসার নির্দেশনা দেওয়া সম্ভব হবে। এছাড়াও রয়েছে রিয়েল-টাইম পিসিআর, জেনেটিক অ্যানালাইজার, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ও লিকুইড বায়োপসি প্রযুক্তি, যা রোগ নির্ণয়কে আরও নির্ভুল ও দ্রুত করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হন, যার মধ্যে ১০–১৫ শতাংশ জিনগত কারণে। বিশেষ করে স্তন, ডিম্বাশয়, থাইরয়েড, অন্ত্র ও রক্তের ক্যান্সারের সঙ্গে BRCA1, BRCA2, HNPCC প্রভৃতি জিনের পরিবর্তন যুক্ত। এই ল্যাবে এসব মিউটেশন শনাক্ত করে ‘প্রিসিশন মেডিসিন’ অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে।
২০২৫ সালের জুন পর্যন্ত এই ল্যাবে ইতোমধ্যে ১৯২টিরও বেশি জটিল ক্যান্সার রোগীর জিন বিশ্লেষণ সম্পন্ন হয়েছে, যার মধ্যে রয়েছে স্তন ক্যান্সার, লিউকেমিয়া, থাইরয়েড, ফুসফুস ও কোলন ক্যান্সার।
ল্যাবটি বর্তমানে আন্তর্জাতিক মানের ISO 15189 স্বীকৃতি লাভের প্রক্রিয়ায় রয়েছে। স্বীকৃতি লাভ করলে এটি হবে দক্ষিণ এশিয়ার প্রথম আন্তর্জাতিক মানের আইএসও স্বীকৃত জেনেটিক ও মলিকুলার ল্যাব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক ডা. মোঃ মতিউর রহমান, অস্ট্রেলিয়ার মিহেলথঅমিক্স-এর চেয়ারম্যান ও সিইও প্রফেসর ডঃ পল মেইনওয়ারিং, জিং-টেকনোলজিস-এর এমডি মোসাদ্দেক শহীদ, আইএসও পরিদর্শক মিঃ প্যাট্রিক মাতেটা, মিসেস শিলা উডকক, এবং ডঃ ফরহাদ আহমেদসহ দেশ-বিদেশের বিশেষজ্ঞ ও কর্মকর্তারা।
ড. হোসনে আরা বেগম বলেন,
> “আমাদের লক্ষ্য হলো সাশ্রয়ী ব্যয়ে আন্তর্জাতিকমানের চিকিৎসা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। বিদেশে না গিয়েও এখন বাংলাদেশেই নির্ভুল জেনেটিক পরীক্ষা ও প্রিসিশন চিকিৎসা সম্ভব। এই ল্যাব এক নতুন চিকিৎসা দিগন্তের সূচনা করেছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে ল্যাবটিকে একটি পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে জিনতাত্ত্বিক তথ্যের ভিত্তিতে নতুন ওষুধ ও থেরাপি উদ্ভাবন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.