নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজুর রহমান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র্যাব। ঘটনার সাথে জড়িত ছিনতাইকারী চক্রের সদস্যদের টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
নিহত মাহফুজুর রহমান রাজধানীর হাতেম আলী কলেজের শিক্ষার্থী ছিলেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করতেন। গত বৃহস্পতিবার রাতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন তিনি। তার পায়ে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। কিছুক্ষণ পর তার মরদেহ বিআরটি নির্মাণাধীন সাইটের পাশে পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার পর র্যাব-১ এর একটি দল তদন্তে নামে। নিহত মাহফুজের অ্যান্ড্রয়েড মোবাইল ট্র্যাক করে ছিনতাইকারীদের অবস্থান নিশ্চিত করে র্যাব সদস্যরা অভিযান চালায়। পরবর্তীতে টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত একাধিক ছিনতাইকারীকে গ্রেফতার করে।
র্যাব-১ এর মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম জানান,“গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে রাস্তায় ছিনতাই করে এবং প্রতিরোধ পেলে ভয়ংকরভাবে আঘাত করে।”
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
নিহত মাহফুজের সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে এই নির্মম হত্যাকাণ্ড ঘিরে চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। তারা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.