
হবিগঞ্জ প্রতিনিধি
সামগ্রিক বৈষম্য দূর করতে হলে সমাজের প্রতিটি শিশুকে প্রকৃত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে। প্রাথমিক শিক্ষা জাতির ভবিষ্যৎ গঠনের ভিত্তিপ্রস্তর, এবং এই স্তরকে শক্তিশালী করলেই টেকসই উন্নয়ন সম্ভব।
রবিবার (১৩ জুলাই) হবিগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত “প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা”-তে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এসব কথা বলেন।
তিনি বলেন, "প্রাথমিক শিক্ষার দুটি মূল উদ্দেশ্য— শিশু যেন মাতৃভাষায় সাবলীলভাবে পড়তে ও বুঝতে শেখে এবং নিজ অনুভূতি প্রকাশ করতে পারে। প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করে বিদ্যালয়গুলোকে স্বনির্ভর করে তুলতে হবে।"
সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মো. কামরুল হাসান এনডিসি, হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, এবং সিলেট বিভাগীয় উপপরিচালক মো. নূরুল ইসলাম।
সভায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন এবং খোলামেলা আলোচনায় বিদ্যালয়গুলোর নিরাপত্তাহীনতা, হাওর অঞ্চলে যাতায়াতের সমস্যা, শিক্ষক সংকটসহ নানা সমস্যা তুলে ধরেন।
বক্তারা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং শিক্ষকদের প্রতি আহ্বান জানান, যেন তারা শুধুমাত্র শিক্ষক না হয়ে অভিভাবকের ভূমিকা পালন করেন।
মতবিনিময় শেষে উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার হবিগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার বাস্তবচিত্র পর্যবেক্ষণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.