বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিক্ষা অঙ্গনে এক যুগ ধরে শ্রেষ্ঠত্বের ধারা অব্যাহত রেখেছে ঐতিহ্যবাহী বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়। চলতি বছর এসএসসি পরীক্ষায় উপজেলায় সর্বাধিক জিপিএ-৫ অর্জন করে প্রতিষ্ঠানটি আবারও সেরা বিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে ১০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৯৪ জন পাস করে এবং ১২ জন জিপিএ-৫ অর্জন করেন। ৩৭ জন পেয়েছেন এ গ্রেড এবং বাকিরা অন্যান্য গ্রেডে উত্তীর্ণ হন। পাশের হার দাঁড়িয়েছে ৯০.৩৮ শতাংশ। পাশাপাশি কারিগরি শাখার ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন উত্তীর্ণ হয়েছেন, যার পাশের হার ৮৩.৭২ শতাংশ।
বিদ্যালয়টির শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাই এই ধারাবাহিক সাফল্যের মূল কারণ বলে জানিয়েছেন সিনিয়র শিক্ষিকা জিনাত রেহানা ও শিক্ষক আবুল বাশার ইমরান। তাঁরা জানান, "আমরা সবাই মিলে আন্তরিকভাবে কাজ করছি, এভাবেই ভবিষ্যতেও আরও ভালো ফলাফলের লক্ষ্যে এগিয়ে যাব।"
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল বলেন, "শিক্ষকদের নিষ্ঠা ও সুনিবিড় পাঠদানের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। শতবর্ষী এ প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্য আমরা ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
উপজেলা শিক্ষা কর্মকর্তারাও এই ফলাফলকে একটি ‘মডেল সাফল্য’ হিসেবে আখ্যায়িত করেছেন। তারা আশা করছেন, উপজেলার অন্যান্য বিদ্যালয়ও এ ধারাকে অনুসরণ করে মানসম্মত শিক্ষায় ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.