মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামা উপজেলায় রাস্তার পাশের একটি পাটক্ষেত থেকে দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ভুট্টা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত দেলোয়ার হোসেন উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার বাংলাভাষা কলেজের পশ্চিম পাশে পাটক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে খানসামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবার জানায়, সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় দেলোয়ার হোসেন ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হন। রাত ৯টা ২৩ মিনিটে পরিবারের সঙ্গে সর্বশেষ মোবাইলে কথা হয়, এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ভোরে স্থানীয় কৃষক আব্দুল বাকী তার পাটক্ষেতে কাজ করতে গিয়ে কাদার মধ্যে মরদেহটি দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের জানান এবং পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।
নিহতের জামাতা রেজাউল করিম জানান, “আমার শ্বশুরের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে সম্প্রতি তিনি ব্যবসায়িক লেনদেন নিয়ে কিছু সমস্যা ও মানসিক চাপের কথা বলেছিলেন। আমাদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
এ ঘটনায় নিহতের জামাতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খানসামা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার মোটিভ উদঘাটনে গুরুত্বসহকারে তদন্ত চলছে।”
এদিকে ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ব্যবসায়ী মহলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.