এস কে আরিফুজ্জামান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে আজ ১৫ জুলাই ২০২৫ শিক্ষাঙ্গনে ছড়িয়ে পড়েছে রঙ, রূপ আর বিপ্লবের চেতনা। ‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজে একযোগে অনুষ্ঠিত হয়েছে গ্রাফিতি চিত্রাঙ্কন কর্মসূচি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডলের বিশেষ নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা রঙ তুলির ছোঁয়ায় তুলে ধরেছে জুলাই বিপ্লবের ইতিহাস, স্বাধীনতা, গণতন্ত্র ও স্বপ্নময় ভবিষ্যতের প্রতিচ্ছবি।
২০১৪ সালের পর থেকে এককেন্দ্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিরোধ আর সংস্কারের যে আন্দোলন শুরু হয়, তারই চূড়ান্ত রূপ দেখা যায় ২০২৪ সালের জুলাই মাসে। ওই সময় ছাত্র-শিক্ষক, তরুণ সমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্বৈরাচারের পতনের ইতিহাস রচিত হয়।
একদিকে যেমন নিথর হয়ে পড়ে থাকে রক্তাক্ত দেহ, অন্যদিকে জেগে ওঠে নতুন স্বপ্ন। সেই ইতিহাসকে মনে করিয়ে দিতে, এবং তরুণ প্রজন্মের মধ্যে সম্ভাবনার বার্তা পৌঁছে দিতে এই গ্রাফিতি উদ্যোগ নেয়া হয়।
শিক্ষার্থীদের আঁকা দেয়ালে ফুটে ওঠে এক ঝাঁক তরুণের মুখ, হাতে পতাকা, চোখে ভবিষ্যতের দীপ্তি। তারা লিখেছে— “জুলাই আমাদের সাহস দেয়”, “রঙে রঙে বদলে যাক বাংলাদেশ”, “আমরাই ভবিষ্যতের নায়ক”।
ইউএনও অনুজা মন্ডল জানান, “জুলাই আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আগামী প্রজন্মকে ইতিহাস জানাতে চাই, যাতে তারা নিজেদের দায়িত্ববোধ ও স্বাধীনচিন্তার মানুষ হিসেবে গড়ে ওঠে।”
এই ব্যতিক্রমধর্মী কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ। অনেক শিক্ষক-অভিভাবকরাও একে ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।
কালিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আজকের দিনটি যেন ইতিহাস ও কল্পনার এক আলোকোজ্জ্বল সংমিশ্রণ। গ্রাফিতির রঙে সেখানে লেখা হচ্ছে এক নতুন বাংলাদেশের গল্প।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.