নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, “ভালবাসা ও সহনশীলতার পথ ধরেই আমরা আগামীর শান্তিময় ভোরে পৌঁছাতে চাই। সহিংসতা নয়, আমরা গড়তে চাই এক বৈষম্যহীন, ন্যায্য ও শোষণমুক্ত সমাজ।”
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বাউবি আয়োজিত মাসব্যাপী (৩৬ দিনব্যাপী) কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত "ফিরে দেখা জুলাই" শীর্ষক স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই আয়োজনে অংশ নেন এবং তাদের অভিজ্ঞতা ও স্মৃতি শেয়ার করেন।
উপাচার্য বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাই হয়তো আজও বেঁচে আছি। নইলে অনেক আগেই হত্যার শিকার হতাম। মানুষের স্বাধীনতা হরণকারী তৎকালীন ফ্যাসিস্ট শাসক ও তার দল কতোটা নির্মম ও বর্বর, তা নিজ দেশের কয়েক হাজার মানুষকে হত্যা করে প্রমাণ করেছে।”
তিনি আরও বলেন, “গত পনেরো বছরের সময়কে আমি একটি কালো অধ্যায় হিসেবে দেখি। ওই সময় বাংলাদেশকে রক্তগঙ্গায় পরিণত করেছিল ফ্যাসিস্ট বাহিনী। কিন্তু আজ আমরা মুক্তভাবে কথা বলতে পারি, সমালোচনা করতে পারি — এটাই আমাদের অগ্রগতির প্রমাণ।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফিরে দেখা জুলাই শুধু স্মৃতিচারণ নয়, বরং তা ভবিষ্যতের জন্য প্রেরণার বাতিঘর। বক্তারা বর্তমান প্রজন্মকে ইতিহাস জানার ও সহিষ্ণুতা, মানবতা এবং গণতন্ত্রের চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.