মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পঞ্চগড় জেলার দুটি সীমান্ত দিয়ে ২৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে। পুশ-ইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৮ জন শিশু, ৮ জন নারী এবং ৮ জন পুরুষ রয়েছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৬ জুলাই) গভীর রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা দাড়িয়ার মোড় সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। এদের মধ্যে ৭ জন পুরুষ, ৫ জন শিশু ও ৫ জন নারী রয়েছেন। একই রাতে সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে আরও ৭ জন—২ জন নারী, ৩ শিশু ও ২ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, গভীর রাতে সীমান্তবর্তী এলাকায় ঘোরাঘুরির সময় সন্দেহভাজন অবস্থায় তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হয়। পরে খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বোদা থানা ও পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিরা মূলত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার খেজুরবাড়িয়া এলাকার বাসিন্দা। তারা দীর্ঘ ১০ বছর ধরে ভারতের দিল্লিতে ভাঙারীর কাজ করছিলেন। গত ৬ জুলাই দিল্লি পুলিশ তাদের গ্রেফতার করে এবং বুধবার বিমানযোগে সীমান্ত এলাকায় এনে রাতের আঁধারে বিএসএফ তাদের বাংলাদেশে পুশ-ইন করে।
এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, "বিজিবির মাধ্যমে ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের প্রকৃত পরিচয় ও ঠিকানা যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ভারতের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.