জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে মুসলিম এইড-এর সহায়তায় ইএসডিও বাস্তবায়িত আইসিআরডিসিভি-২ প্রকল্প।
সভায় সভাপতিত্ব করেন ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. শরিতুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুস সালাম, মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের হিউম্যানিটারিয়ান কো-অর্ডিনেটর এস. এম. মনোয়ার হোসেন এবং প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. শামসুল হক মৃধা।
সভায় ইউনিয়নের ওয়ার্ড সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, শিক্ষক ও স্বাস্থ্য প্রতিনিধি, কৃষি কর্মকর্তা, সিপিপি সভাপতি, ইমাম, ব্যবসায়ী, কৃষক, মৎস্যজীবী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, আনসার ভিডিপি ও বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ ৫০ জন ইউডিএমসি সদস্য অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ইউনিয়ন পরিষদ ৪ লক্ষ টাকা বরাদ্দ রেখেছে, যা আগের বছরের সমান। বরাদ্দ না বাড়ানোর কারণ হিসেবে আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়।
আলোচনায় দুর্যোগকালীন প্রস্তুতি, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, গবাদিপশুর জন্য পৃথক আশ্রয়কেন্দ্রের অভাব, স্লুইস গেট অকার্যকরতা, খাল দখল ও অনিয়মিত লিজ ব্যবস্থা, জলাবদ্ধতা, অ্যাম্বুলেন্স সংকট এবং কমিউনিটি ক্লিনিকের জরাজীর্ণ অবস্থা তুলে ধরা হয়।
প্রকল্প কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, মানিকখালী গ্রামে রাস্তা সংস্কার, স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সোদকনা গ্রামে পানি বিশুদ্ধকরণ পাম্প স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়। প্রতিটি ওয়ার্ডে সচেতনতা বৃদ্ধিমূলক সভাও চলমান রয়েছে।
মুসলিম এইড-এর প্রতিনিধি এস. এম. মনোয়ার হোসেন জানান, সরকারি ঘোষণা অনুযায়ী দুর্যোগকালীন সময়ে জরুরি সহায়তা প্রদান করে থাকে সংস্থাটি।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, খাল দখল ও লিজ শর্ত লঙ্ঘনের বিষয়ে ইউএনও বরাবর লিখিতভাবে জানানো হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, দুর্যোগকালীন টর্চ, রেইনকোট, ছাতা ও ফার্স্ট এইড কিট সরবরাহ এবং ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের সহায়তায় আরও RO সিস্টেম স্থাপন ও বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।
ইএসডিও–রিচ প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়, চলতি অর্থবছরে একটি কমিউনিটি ক্লিনিক সংস্কার এবং একটি সৌরচালিত ব্যাটারি অ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে। “উত্তরণ” প্রকল্পের উপকারভোগীদের তালিকা ইউডিএমসি বরাবর হস্তান্তরের আহ্বান জানানো হয়।
সভা শেষে সভাপতি মুসলিম এইড ও ইএসডিও’র সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এ ধরনের সমন্বিত উদ্যোগ ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনায় বাস্তবিক পরিবর্তন আনবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.