তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় মাদ্রাসা শিক্ষক শরিফুল ইসলাম গাজীকে (৩৮) নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে এক মানসিক ভারসাম্যহীন যুবক। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই নিহত হন ঘাতকও।
রবিবার (২০ জুলাই) বিকেলে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর মাদ্রাসার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিক্ষক শরিফুল ইসলাম হরিহর গ্রামের মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে এবং শাহাপুর মাদ্রাসার একজন সম্মানিত শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাপুর গ্রামের খোকন গাজীর ছেলে রাজু গাজী (৩৬), যিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে পরিচিত, তিনি বিকেলে শরিফুল ইসলামকে মাদ্রাসা থেকে ডেকে মাদ্রাসার সামনের রাস্তায় নিয়ে যান। হঠাৎ করেই রাজু হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শরিফুলকে গুরুতর জখম করেন। স্থানীয়রা শরিফুলের চিৎকার শুনে ছুটে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী রাজুকে ধরে গণপিটুনি দেয়। এতে তিনিও ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থলে গিয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দিন জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.