নাজিম বকাউল, ফরিদপুর
ফরিদপুরের আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলায় বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ এবং কৃষকলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আলফাডাঙ্গা সদর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক মো. আলমগীর মোল্যা (৫২), বোয়ালমারীর রূপাপাত ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রাম্য চিকিৎসক বিধান চন্দ্র শাখারী (৫২), রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মানোয়ার হোসেন মানু (৪২) এবং সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন (৪৪)।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম জানান, গ্রেপ্তারকৃত চারজন একটি বিস্ফোরক মামলার অজ্ঞাতনামা আসামি ছিলেন। এ মামলাটি চলতি বছরের ১৫ জানুয়ারি আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ এলাকার বিএনপি কর্মী লাভলু সর্দার দায়ের করেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় অভিযোগ আনা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। মামলার একাধিক আসামি এর আগে জামিনে মুক্তি পেলেও কেউ কেউ এখনও জেলহাজতে রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের রোববার বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.