যশোর প্রতিনিধি
থানায় দালালের হয়রানি আর ভোগান্তির দিন শেষ। এখন থেকে যশোরবাসী ঘরে বসেই করতে পারবেন সাধারণ ডায়েরি (জিডি)। পুলিশের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যশোরের কোতোয়ালি মডেল থানায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে অনলাইন জিডি সেবা।
রোববার (২০ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন যশোরের পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। এ সময় তিনি নিজে উপস্থিত থেকে এক নারীর অনলাইন জিডি গ্রহণের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করেন।
এসপি রওনক জাহান বলেন, “অনেক সাধারণ মানুষ থানায় এসে দালালের খপ্পরে পড়ে কিংবা হয়রানির শিকার হন। এখন থেকে সেই ঝামেলা আর থাকছে না। ঘরে বসেই ৩২টি বিষয়ে অনলাইনে জিডি করা যাবে। এতে সময়, অর্থ এবং ভোগান্তি—সবই কমবে।”
তিনি আরও জানান, “যারা প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত নন, তাঁদের জন্য থানায় আলাদা সহায়তা বুথ চালু রাখা হয়েছে। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তায় অনলাইন জিডি করতে পারবেন যে কেউ।”
একইসঙ্গে খুলনা ও বরিশাল রেঞ্জের সকল থানায়ও একযোগে এই সেবা চালু হয়েছে বলে জানান পুলিশ সুপার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত, তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কাজী বাবুলসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি সেবার এ ধরনের ডিজিটাল রূপান্তরকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.