ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামে দিনদুপুরে ছিনতাইচেষ্টার ঘটনায় এক কিশোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী মো. তবিবুর রহমান (৩২) বোয়ালমারী উপজেলার গুণবহা গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ভাঙ্গারি ব্যবসায়ী। প্রতিদিনের মতো ব্যবসার উদ্দেশ্যে তিনি রহিমপুর এলাকায় গেলে এক কিশোর পুরাতন লোহার রড বিক্রির কথা বলে তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। এরপরই আরও তিনজন যুবক এসে তার উপর হামলা চালায় এবং গলায় ছুরি ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তবিবুর কৌশলে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে হামলাকারীরা পালানোর চেষ্টা করে, তবে স্থানীয়রা ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে।
আটককৃত যুবকের নাম মো. রাসুল শেখ (১৯), মধুখালী পৌরসভার মেছোড়দিয়া গ্রামের মো. আজিজার শেখের ছেলে।
কৃষ্ণনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মাসুদ শেখ বলেন,
“খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। দেখি একজন ছিনতাইকারীকে স্থানীয়রা ধরে রেখেছে। পরে ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ দ্রুত এসে উপস্থিত হয়।”
ফরিদপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর হোসেন জানান,
“ঘটনার পর আটককৃত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগের প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী এই এলাকায় সম্প্রতি অপরাধ প্রবণতা কিছুটা বেড়েছে। এ ঘটনার পর এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবিও জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.