উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নওপাড়া স্কুল ও কলেজের অফিস সহকারী বাদশা আলমগীরের পুনঃযোগদান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ২টায় ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের নওপাড়া স্কুল ও কলেজ সংলগ্ন পাকা রাস্তায় তিন শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় ব্যবসায়ী আল মামুন বলেন, “প্রভাষক নাজমুন নাহার নুপুরের উপর নির্যাতনের ঘটনায় চাকরিচ্যুত অফিস সহকারী বাদশা আলমগীরকে পুনরায় নিয়োগ দেওয়া মানে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আতঙ্ক ফেরানো, যা আমরা মেনে নেব না।”
এ সময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে মানববন্ধনে অংশ নেয়। দশম শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা হ্যাপি বলেন, “আমরা অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা চাই, একটি নিরাপদ শিক্ষা পরিবেশ।”
একই শ্রেণির আরেক শিক্ষার্থী পলক দেবনাথ তার বক্তব্যে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে অভিযুক্ত ব্যক্তির পুনঃনিয়োগ বন্ধের জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.