
স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে নুরইসলাম শেখকে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার চরচিংগড়ী সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আহত নুরইসলাম শেখ চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই (শনিবার) বিকেল সাড়ে ৫টার দিকে চরচিংগড়ী বাজারে ব্যবসায়ী নুরইসলাম শেখের ওপর খোকন শেখ, মিলন শেখ, মোস্তফা ফকির ও ইকবাল হোসেনসহ ১৫-২০ জন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুরইসলামকে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মানববন্ধনে অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী শেখ বলেন,
“আমার ছেলেকে যারা প্রকাশ্যে পিটিয়ে মারার চেষ্টা করলো, তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। আমরা প্রশাসনের কাছে দ্রুত তাদের গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি করছি।”
এ সময় আরও বক্তব্য রাখেন—আরিফ শেখ, মো. কামাল শেখ, কারিমন ও করিমন নেসা প্রমুখ। তারা বলেন, “এই হামলা শুধু একজনের ওপর নয়, পুরো এলাকার শান্তিপূর্ণ পরিবেশের ওপর আঘাত। এর বিচার না হলে ভবিষ্যতে আরও ভয়ংকর ঘটনা ঘটতে পারে।”
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.