এস এম শরিফুল ইসলাম, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালক রেজাউল শিকদার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত রেজাউল শিকদার লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল কাজীপাড়া গ্রামের মৃত মালেক শিকদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ জুলাই) সকালে রেজাউল শিকদার নিজ বাড়ি থেকে ইজিবাইক চালানোর উদ্দেশ্যে বের হন। তিনি লোহাগড়া-জয়পুর আঞ্চলিক সড়ক দিয়ে লোহাগড়ার দিকে যাওয়ার সময় জয়পুর এলাকায় পৌঁছালে ইজিবাইকটির নিয়ন্ত্রণ হারান। এসময় যানটি রাস্তার পাশে খাদে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এরপর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.