নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড দখল এবং শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে কিছু সময়ের জন্য আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে নাজমুল হোসেন তারার নেতৃত্বে এক পক্ষ মানববন্ধন কর্মসূচি পালন শুরু করে। এ সময় নবগঠিত শ্রমিক ইউনিয়ন (নিবন্ধন নং ১০৫৫)-এর সভাপতি ইয়াছিন মোল্লার নেতৃত্বাধীন সাধারণ শ্রমিকরা মিছিল নিয়ে এসে ‘ধর ধর’ স্লোগানে ওই মানববন্ধনে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রমিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন মোল্লা অভিযোগ করে বলেন, "আওয়ামী লীগের কতিপয় নেতা ও তাদের দোসররা বাসস্ট্যান্ড এলাকায় চাঁদাবাজি করছে। আজ তারা আমাদের অফিস দখলের চেষ্টা করলে সাধারণ শ্রমিকরা তা প্রতিহত করে।"
অন্যদিকে, নাজমুল হোসেন তারা দাবি করেন, “আমরা শ্রমিক ইউনিয়নের ভোটার তালিকা সংশোধনের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করছিলাম। কিন্তু ইয়াছিন মোল্লারা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।”
ঘটনার পর সাধারণ শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বাস চলাচল বন্ধ হয়ে পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, “বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.