সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি নরসিংদী জেলার মাধবদী উপজেলার বালুচর এলাকার শান্ত (২০) নামক যুবক, যিনি গরু চুরির অভিযোগে গণপিটুনির শিকার হন। আহত তিনজনের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) ভোররাতে কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে শামসুদ্দিন মোল্লার গোয়ালঘরে চোরেরা হানা দেয়। শামসুদ্দিন মোল্লা (৫০) পাশের ঘর থেকে শব্দ শুনে চোরদের দেখে ফেলেন। তিনি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এবং স্থানীয়দের সহায়তায় চোরদের ধাওয়া করেন। পরে গ্রামবাসী চারজন চোরকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাদের পিটুনি দেয়। এর ফলে শান্ত নামের একজন ঘটনাস্থলেই নিহত হন। অপর তিনজন গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার পুলিশ সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে আহতদের হেফাজতে নেয়। নিহত শান্ত’র লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
শামসুদ্দিন মোল্লা বলেন, "কয়েকদিন আগে আমার একটি গরু চুরি হয়েছিল। এরপর থেকেই আমি নিজেই রাতজেগে পাহারা দিচ্ছিলাম। ভোরে চোরেরা আমার গোয়ালঘরে ঢুকে পড়লে আমি চিৎকার করে সবাইকে ডাক দিই, এরপর গ্রামবাসী তাদের ধরে ফেলে।"
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. শহিদুল ইসলাম জানান, "আজ সকালে পুলিশ আহতদের হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছে, বাকি তিনজনের অবস্থা গুরুতর ছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।"
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, "গরু চুরির অভিযোগে স্থানীয়রা চারজনকে গণপিটুনি দেয়। এতে একজন মারা গেছে এবং আহতদের চিকিৎসা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.