নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার শীতলী ফকিরপাড়া গ্রামে একটি ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে নিতপুর ইউনিয়নের ওই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শীতলী ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও হাই বাবু ও মোমেনা বেগম তাদের দুই মেয়েকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ছোট মেয়ে ঘুম থেকে উঠে দেখে তার মা বিছানায় নিথর পড়ে আছেন এবং বাবা ঘরের তীরে গলায় রশি দিয়ে ঝুলছেন। পরে সে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দু’জনকেই মৃত অবস্থায় পান। খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, “ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”
স্থানীয়ভাবে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী বলছেন, দাম্পত্য জীবনে মাঝে মাঝে কলহ লেগেই থাকত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.