আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা
সাতক্ষীরায় গুলি করে হত্যা এবং মরদেহ গুমের চেষ্টার অভিযোগে দায়ের করা এক মামলায় দুই আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৩ জুলাই) সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
আসামিরা হলেন সাতক্ষীরা সদরের পলাশপোল এলাকার আফছার আলীর ছেলে অ্যাডভোকেট মোঃ অহিদুজ্জামান (৫৩) এবং কাটিয়া সরকারপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে অ্যাডভোকেট শেখ নিজাম উদ্দীন (৬২)। তারা উভয়েই সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিএনপি নেতা ও সাতক্ষীরা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম বলেন, "এই সরকার বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তার করে বিরোধী মত দমন করছে। ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বিচারপ্রার্থীরা।"
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসানকে পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে জেলার শ্যামনগরের মালঞ্চ নদীর চরে নিয়ে গুলি করে হত্যা করে তার মরদেহ গুমের চেষ্টা করা হয়। নিহত আবিরের চাচা মোঃ মোনায়েম খান বাদী হয়ে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর সাতক্ষীরা আমলী আদালতে মামলা দায়ের করেন।
মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাসহ ৩৮ জনকে আসামি করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ মুজিবর রহমান, সহ-সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকাত হোসেন, সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির এবং অভিযুক্ত দুই আইনজীবী।
বাদী পক্ষের আইনজীবী ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সাত্তার জানান, আসামিরা উচ্চ আদালত থেকে জামিন আবেদন করতে গিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ পান। সে অনুযায়ী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.