আজাহার আলী, বগুড়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রায় ২৩ বছর আগে সংঘটিত কৃষক আনোয়ারুল ইসলাম হত্যা মামলায় আজিজুর রহমান (৫৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাজু আহমেদ এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত আসামি আজিজুর রহমানকে পুলিশি পাহারায় আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০২ সালের ১ জুন শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে আনোয়ারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আজিজুর রহমান। ঘটনার পর পুলিশ তাকে আটক করে এবং দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
মামলাটির বিচার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চললেও চূড়ান্ত পর্বে ১৬ জন সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেন। আদালতের রায়ে আজিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৯০ হাজার টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে এবং বাকি ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজাদ হোসেন তালুকদার জানান, “এই রায়ের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নিহতের পরিবার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.