যশোর প্রতিনিধি
যশোরে বিদেশি ঘড়ির ব্যবসার নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযুক্তরা হলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিলফা গ্রামের মৃত ফরিদ মোল্লার ছেলে কামরুল ইসলাম ও বাগেরহাটের মোল্যারহাটের রংপুর গ্রামের মৃত শেখ চান মিয়ার ছেলে শেখ নুরুল ইসলাম।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রাজেশ কুমার দাস জানিয়েছেন, চলতি বছরের ১২ জানুয়ারি যশোরের শার্শা উপজেলার উলশী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনের কাছে যান ওই দুই অভিযুক্ত। তারা নিজেদের সরকারি খাল খননের ঠিকাদার পরিচয় দিয়ে সাখাওয়াতকে বিদেশি ঘড়ির ব্যবসার প্রলোভন দেখান। পরে যশোর শহরের চাঁচড়া এলাকায় একটি ভাড়া বাসায় ডেকে নিয়ে ব্যবসায় অংশীদার হওয়ার প্রস্তাব দেন।
সাখাওয়াত হোসেন প্রস্তাবে রাজি হলে ধাপে ধাপে মোট ১৭ লাখ টাকা নেন অভিযুক্তরা। ২১ জানুয়ারি সাখাওয়াত তাদের ভাড়া বাসায় গিয়ে কাউকে না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং ডিবি পুলিশকে জানান।
পরবর্তীতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করে এবং তাদের কাছ থেকে প্রতারিত টাকার মধ্যে ৫ লাখ ৬৭ হাজার ৪২০ টাকা উদ্ধার করে। সাখাওয়াত হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
তদন্ত শেষে অভিযুক্তদের স্বীকারোক্তি ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে কামরুল ইসলাম ও শেখ নুরুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। তাদেরকে এ মামলায় আটক দেখানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.