মাদারীপুর প্রতিনিধি
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট—যা উচ্চশিক্ষা, চাকরি বা বিদেশগমনের জন্য একটি অপরিহার্য নথি—পেতে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ঘুস ছাড়া যেন মিলছে না এই সরকারি সেবা। এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মাদারীপুরের কালকিনি থানার এক পুলিশের বিরুদ্ধে।
ভুক্তভোগী শফিক মুন্সি (ছদ্মনাম), বালিগ্রাম ইউনিয়নের বাসিন্দা, জানান যে তিনি অনলাইনে আবেদন করার পরও বারবার মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয় ও ডাসার থানায় ঘুরেও সেবা পাননি। শেষ পর্যন্ত তিনি যান কালকিনি থানায়, যেখানে কম্পিউটার অপারেটর মো. সোহেল খান তার কাছে পুলিশ ক্লিয়ারেন্সের নিশ্চয়তা দিয়ে দাবি করেন ২৫ হাজার টাকা ঘুস।
তবে অনেক অনুরোধের পর ৫ হাজার টাকা দিলেই আবেদন প্রক্রিয়া করে ১৫ দিনের মধ্যে সার্টিফিকেট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। ১ জুলাই আবেদন করার পর ২০ জুলাই জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে শফিক মুন্সি তার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করেন।
এ বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য মো. সোহেল খান বলেন, "আমি কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। যদি কিছু বলার থাকে, থানায় এসে ওসি স্যারের সাথে কথা বলেন।"
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, "যে ব্যক্তির অভিযোগ আছে, তাকে থানায় আসতে বলেন। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ক্লিয়ারেন্স পেতে কোনো টাকা লাগার কথা নয়।"
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, "বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
প্রসঙ্গত, ডাসার থানা কালকিনি উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হলেও অনেক নাগরিক এখনো তাদের পুরনো ঠিকানা ‘কালকিনি থানা’ ব্যবহার করেন, যার ফলে পড়তে হচ্ছে প্রশাসনিক জটিলতায়। এই সুযোগেই নানা হয়রানি ও দুর্নীতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.