
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দোয়ারিকা গ্রামের ভুক্তভোগী গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থীরা পরিবেশ দূষণের অভিযোগ তুলে একটি অবৈধ টায়ার রিসাইক্লিং প্লান্ট বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফারুক আহমেদের কাছে তারা এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, 'পায়রা রিসাইক্লিং প্লান্ট' নামের ওই প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বিস্ফোরক লাইসেন্স এবং শিল্প মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছে। পুরাতন গাড়ির টায়ার ও কাঠ পুড়িয়ে প্লান্টটি চালানো হচ্ছে, যার ফলে চারপাশে ছড়িয়ে পড়ছে দূষিত ধোঁয়া ও দুর্গন্ধ।
এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক বসতি থাকায় শিশু, শিক্ষার্থী ও বয়স্করা শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া, মাথাব্যথাসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে ভুগছেন বলে দাবি করেছেন এলাকাবাসী।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে স্থানীয় যুবসমাজ ও ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন মোহন, মামুন, জহিরুল, হাফিজ, হাসিব, জাহিদসহ অনেকেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ বলেন, "এলাকাবাসীর দেওয়া স্মারকলিপি আমি হাতে পেয়েছি। যদি সত্যিই পরিবেশ বিপর্যয় সৃষ্টি হয় কিংবা আইন বহির্ভূতভাবে এ প্লান্ট পরিচালিত হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এলাকাবাসীর এমন পদক্ষেপে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.