যশোর প্রতিনিধি
যশোরে বোনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী সালমা বেগমকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে খুলনার রূপসা থানার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে খোকন মোল্লাকে প্রথমে আটক করে পিবিআই। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে যশোরের রাজারহাট এলাকা থেকে স্ত্রী সালমা বেগমকেও আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন।
আটক খোকন মোল্লা খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। একই গ্রামে থাকতেন নিহত বোন শারমিন ও তার স্বামী শিমুল।
পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে খোকন ও সালমা হত্যার দায় স্বীকার করেছেন। তারা জানান, ২৩ জুলাই সকালে পারিবারিক টাকার লেনদেন নিয়ে শারমিনের সঙ্গে সালমার কথা-কাটাকাটি হয়। এরপর ক্ষিপ্ত হয়ে খোকন হাসুয়া হাতে শারমিনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন।
ঘটনার দিন রাতেই যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই, যারা পরবর্তীতে অভিযান চালিয়ে ঘাতক ভাই ও ভাবিকে আটক করে।
পিবিআই জানিয়েছে, খোকন ও সালমাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের রিমান্ডের আবেদন করা হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.