নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে পাওয়ার টিলার দিয়ে জমি চাষের সময় মাটির নিচ থেকে একটি প্রাচীন কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার কালীগ্রাম ইউনিয়নের মুন্সিপুর পশ্চিম মাঠ এলাকায় এ মূর্তিটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগ্রাম ডাকাহার পাড়া গ্রামের জীবন কুমার সরকারের জমিতে একজন শ্রমিক পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করছিলেন। চাষের একপর্যায়ে মাটির নিচ থেকে একটি কষ্টি পাথরের মূর্তি বেরিয়ে আসে। মূর্তিটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ২১ ইঞ্চি, প্রস্থ সাড়ে ৯ ইঞ্চি এবং ওজন প্রায় ১৪ কেজি।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। পরে খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, “উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি সরকারি হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.