যশোর প্রতিনিধি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জীবনের শেষ প্রান্তে এসে কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করছেন তিনি। এজন্য দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি।
শুক্রবার (২৫ জুলাই) যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা সফরের পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি ওই মসজিদে নামাজ আদায় করেন।
সিইসি বলেন, “সরকারি চাকরি জীবনে বহু দায়িত্ব পালন করেছি, অভিজ্ঞতা অর্জন করেছি। তবে এখন যে গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছি, তা দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে। এটা একার পক্ষে সম্ভব নয়, এজন্য সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া চাই।”
তিনি আরও বলেন, “আমার কোনো ব্যক্তিগত লক্ষ্য নেই। আমি শুধু চাই, দায়িত্বের এই পর্যায়ে জাতিকে একটি ভালো নির্বাচন দিয়ে যেতে।”
এ সময় সিইসি ঢাকায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া চান এবং মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলেও অংশ নেন। তিনি শোক প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.