
তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার, ভোলা
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ ঝড়ো বাতাস বইছে, আকাশে ঘন কালো মেঘের পাশাপাশি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিও হচ্ছে।
এই পরিস্থিতিতে মেঘনা নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ভোলার অভ্যন্তরীণ ১০টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএ ভোলা নদীবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে মেঘনা নদী উত্তাল থাকায় যেকোনো দুর্ঘটনা এড়াতে পূর্ব সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি ও লঞ্চ চলাচল পুনরায় চালু করা হবে বলে জানানো হয়।
এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা লঞ্চযাত্রীরা। সকাল থেকে ঘাটে এসে অপেক্ষায় থাকলেও নৌযান না পেয়ে অনেক যাত্রীকেই ফিরে যেতে দেখা গেছে। যাত্রীরা বলেন, “যদি ভোলা-বরিশাল সেতু হতো, তাহলে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও যাতায়াতের সমস্যা হতো না।”
স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকতে পারে এবং উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় উপকূলবর্তী অঞ্চলের মাছ ধরার নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.