আশাশুনি, সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস। শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGS for SEIDP) প্রকল্পের আওতায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের এবং সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন।
একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল এবং আশাশুনি প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক।
অনুষ্ঠানে ঢাকায় সম্প্রতি সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থী, শিক্ষক এবং পাইলটদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব ড. মোঃ আবুল হাসান।
অনুষ্ঠানের শেষাংশে মোট ৪০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা যোগাবে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বাড়াবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.