সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে পাথরবোঝাই ট্রাকের হেলপার শ্রাবন (২১) নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌদ্দমাইল এলাকার সমবায় ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রাবনের বাড়ি রাজশাহী জেলার পবা উপজেলার দুয়ারী গ্রামে। তিনি রিপনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীগামী একটি বালুবোঝাই ট্রাক ফিলিং স্টেশনের পাশে সড়কের ধারে দাঁড় করানো ছিল। চালক ও হেলপার পাশের একটি ওয়াশরুমে গিয়েছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবোঝাই ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায় এবং পাথরবোঝাই ট্রাকের হেলপার শ্রাবন ঘটনাস্থলেই মারা যান।
আহত ট্রাকচালককে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.