খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ বিশ্বাস (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার কাশেম মহাজনের ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ বিশ্বাস পাট্টা ইউনিয়নের আশূরহাট গ্রামের বাসিন্দা হাজী শহিদ বিশ্বাসের ছেলে।
পাট্টা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকির হোসেন জানান, সাদ আশূরহাট থেকে মোটরসাইকেলে করে পাংশা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। উভয় মোটরসাইকেলের গতি বেশি থাকায় আঘাত ছিল তীব্র।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সাদকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থা সংকটাপন্ন হলে রাজবাড়ী সদর হাসপাতালে রেফার্ড করা হয়। তবে পথিমধ্যে বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে অবস্থার আরও অবনতি ঘটে এবং সাদকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকালবেলা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.