নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
তথ্য প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গঠনে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয় ‘ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস ট্রেনিং প্রোগ্রাম’-এর সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই)’ প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
২০২৪ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করা এই আইসিটি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে গাকৃবির প্রায় ৫০০ জন দেশি-বিদেশি শিক্ষার্থী আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা অর্জন করেছেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম সাইফুল্লাহ পান্না। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাবেক সদস্য মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠান শুরু হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিশুদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও প্রার্থনায়। এরপর ট্রেনিং কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. মইনুল হোসেইন অলিভার প্রশিক্ষণ কার্যক্রমের লক্ষ্য ও সফলতা তুলে ধরেন। প্রশিক্ষণার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং পরে সনদ গ্রহণ করেন।
প্রধান অতিথি এম সাইফুল্লাহ পান্না বলেন, “বর্তমান বৈশ্বিক বাস্তবতায় ডিজিটাল স্কিলস অপরিহার্য। এই প্রশিক্ষণ তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করছে।” তিনি শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং ও ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান নিহত মাইলস্টোন ট্র্যাজেডির শোক স্মরণ করে বলেন, “তোমরা যা শিখেছ, তা শুধু সনদে সীমাবদ্ধ থাকবে না; দেশের উন্নয়নে কাজে লাগাবে।” তিনি গাকৃবির গৌরবময় অবস্থান ও র্যাঙ্কিংয়ের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠান ছিল উৎসবমুখর, যেখানে পরিচালক, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইডিজিই প্রকল্পের লক্ষ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং ২০২৬ সালের মধ্যে আইসিটি খাতে রপ্তানি ৩০০ মিলিয়ন ডলারে উন্নীত করা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.