সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর)
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে নাগরী ইউনিয়নের সবুজ ছায়াঘেরা কালব রিসোর্টে আয়োজিত ব্যতিক্রমী এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মিলনমেলা বসে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার। প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়ার মাধ্যমে। রাতকানা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আলী হোসেন দোয়া পরিচালনা করেন।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা এবং ছাত্রদল নেতা এবিএম আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ্, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, শিক্ষক রেনুকা ইয়াসমিন, শিক্ষার্থী সাদিয়া আক্তার বর্ষা ও আহমেদ ওয়ালিদ রেজা প্রমুখ।
আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেন, “তোমরা যারা জিপিএ-৫ পেয়েছো, তাদের দায়িত্ব বেড়েছে। শুধু ভালো রেজাল্ট নয়, মাদক, দুর্নীতি ও সন্ত্রাস থেকে দূরে থেকে সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে হবে।”
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, মগ, সনদপত্র ও পাটের ব্যাগ তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও শিক্ষার্থীদের জন্য স্মরণীয় একটি দিন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.