স্টাফ রিপোর্টার, চিতলমারী (বাগেরহাট)
বাগেরহাটের চিতলমারীতে যুবদল নেতা মো. সোহাগ সরদারকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলে বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী, যুবদল নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সোহাগ সরদারকে কৌশলে তার শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি আত্মহত্যা নয়, বরং একটি নির্মম হত্যাকাণ্ড, যা পরিবার ও সমাজে গভীর ক্ষত সৃষ্টি করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, যুগ্ম আহ্বায়ক হোসাইন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “এই হত্যাকাণ্ড সমাজের জন্য একটি ভয়ানক বার্তা বহন করে। যদি এই ঘটনার সঠিক বিচার না হয়, তাহলে ভবিষ্যতে আরও এমন ঘটনা ঘটতে পারে।” তারা অবিলম্বে সোহাগ সরদারের হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় মানববন্ধনে ব্যানার, প্ল্যাকার্ড ও শ্লোগানে সোহাগ সরদারের হত্যার প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবি তুলে ধরা হয়। বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.