দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের একটি বেসরকারি স্পেশালাইজড হাসপাতালে ইনজেকশন নেওয়ার পর নার্গিস (৫৫) নামের এক নারী মৃত্যুবরণ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনরা চিকিৎসাজনিত গাফিলতির অভিযোগ তুলেছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
রোগীর পরিবারের বরাতে জানা গেছে, ২৬ জুলাই ২০২৫ দিবাগত রাত ৩টার দিকে নার্গিস বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত শহরের ‘চেকআপ স্পেশালাইজড হাসপাতাল’-এ ভর্তি করা হয়। তাকে ভর্তি করা হয় সহযোগী অধ্যাপক ডা. মাহবুব মোর্শেদ তমালের (বিভাগ: ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন) অধীনে।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সকাল নাগাদ রোগীর অবস্থা কিছুটা স্থিতিশীল দেখা যায়। ইসিজি করার পর চিকিৎসকরা জানান, রোগীর হৃদযন্ত্রে রক্ত জমাট বাঁধার শঙ্কা রয়েছে এবং তাৎক্ষণিকভাবে একটি ইনজেকশন দিতে হবে যার নাম Tenectaplase 5mg (টেনেক্টপ্লেস)। ইনজেকশনটির মূল্য প্রায় ৮০ হাজার টাকা এবং তা আইসিইউতে নিয়েই প্রয়োগ করতে হবে বলে জানানো হয়। রোগী নিজেই পায়ে হেঁটে আইসিইউতে যান। কিন্তু ইনজেকশন প্রয়োগের কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত নারীর ভাগিনা, পেশায় আইনজীবী জুয়েল ইসলাম বলেন, “আমরা মনে করি এটি একটি পরিকল্পিত চিকিৎসাগত গাফিলতি। ইনজেকশন দেওয়ার পরপরই রোগীর মৃত্যু হওয়া সন্দেহজনক। আমরা থানায় এসেছি মামলা দায়েরের প্রস্তুতি নিতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।”
অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, রোগীর চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি ছিল না। তাদের বক্তব্য, “নার্গিস আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তার চিকিৎসা আন্তর্জাতিক গাইডলাইন অনুসারে করা হয়েছে।”
এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা না পড়লেও এলাকাজুড়ে এ ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সামাজিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং স্থানীয়ভাবে তদন্ত ও দায়ীদের বিচার দাবি করছেন অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.