শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দে রহমতগঞ্জ রিপন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে জনপ্রিয় ক্রীড়া সংগঠন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় গোয়ালন্দ বাজারের রোকন উদ্দিন প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২৭ জন সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়ের হাতে জার্সি তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ইভেন্ট ম্যানেজার ও রহমতগঞ্জ রিপন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মো. জিল্লুর রহমান রিপন, এবং গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা ও আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন। আরও উপস্থিত ছিলেন ওজোপাডিকোর উপ-সহকারী প্রকৌশলী বি এম রনি, কাতার প্রবাসী কেএম সোহেল মাহমুদ, ক্লাবের প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমির সভাপতি গোলাম মোস্তফা সোহাগসহ অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড়রা।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল একটি জনপ্রিয় খেলা যা শরীর ও মন দুটোই সুস্থ রাখে। আমি নিজেও ফুটবল খেলতে ভালোবাসি।” তিনি খেলোয়াড়দের পাশে থাকার আহ্বান জানান এবং জার্সি উপহার দেওয়ার জন্য রহমতগঞ্জ রিপন স্পোর্টিং ক্লাবের কর্ণধার জিল্লুর রহমান রিপনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। স্থানীয় ক্রীড়াবিদ ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.