যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দর ব্যবসায়ী ও শ্রমিকরা রবিবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অর্ধদিবস ধর্মঘট পালন করে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। তারা ১৮ জুলাই রাতে নোয়াপাড়া গ্রুপের অফিস ও বাসভবনে ককটেল ও পেট্রোল বোমা হামলার মূল দুই-চারজন দুর্বৃত্তকে গ্রেপ্তারের দাবি জানায়।
নওয়াপাড়া সার-সিমেন্ট-খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাক ট্রান্সপোর্ট শ্রমিক ইউনিয়নের আয়োজনে নওয়াপাড়া রেলস্টেশন বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না হলে নৌবন্দর সম্পূর্ণ অচল করার হুঁশিয়ারি দেন।
বক্তারা বলেন, গত ১৮ জুলাই ভোর রাতে চারজন দুর্বৃত্ত নোয়াপাড়া গ্রুপের অফিস ও বাসভবনে ককটেল ও পেট্রোল বোমা হামলা চালিয়ে ব্যবসায়ীদের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করেছে। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের চেহারা ধরা পড়লেও এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তারা পুলিশের তদন্তে অনীহা ও অবহেলার অভিযোগ তুলেছেন।
নওয়াপাড়া ব্যবসায়ী ও শ্রমিকরা দাবি করেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় ৭২ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলন চালিয়ে নৌবন্দর বন্ধসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.