মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা কারাগারে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া (৭৫)। সোমবার (২৮ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন এবং টেকেরহাট আবাসিক এলাকায় বসবাস করতেন।
জানা গেছে, ২০২৩ সালের ৫ আগস্টের পর রাজৈর থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা একটি মামলায় ইউসুফ আলী মিয়াকে ৬৪ নম্বর আসামি করা হয়। মামলাটি দায়ের করেন পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। উচ্চ আদালত থেকে জামিন পেলেও পরবর্তীতে জেলা আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। চলতি বছরের ৩০ এপ্রিল থেকে তিনি মাদারীপুর জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে ইউসুফ আলী মিয়া শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রোববার দুপুর ১২টার দিকে হঠাৎ তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে সেদিনই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম জানান, “রোববার ইউসুফ মিয়াসহ আরও একজন অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। তবে ইউসুফ মিয়ার শারীরিক অবস্থা বেশি খারাপ ছিল, তাই তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়।”
এ ঘটনায় জেলা ও কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মুক্তিযোদ্ধার মৃত্যুর খবরে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.