খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলায় বিষধর সাপের কামড়ে মো. আক্কাস আলী মন্ডল (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে কসবামাজাইল ইউনিয়নের বড় খোলা গ্রামের নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ের শিকার হন তিনি।
নিহত আক্কাস আলী ওই গ্রামের মো. কহর আলী মন্ডলের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন আক্কাস আলী। রাত আনুমানিক ১১টার দিকে তিনি পায়ে তীব্র ব্যথা অনুভব করেন। আলো জ্বালিয়ে দেখতে পান, তার পা থেকে রক্ত বের হচ্ছে—ধারণা করা হয় বিষধর সাপে কামড়েছে।
পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে পরিচিত সাপুড়িয়া আহম্মদের কাছে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে রাতেই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন বলেন, “ঘটনাটি আমরা লোকমুখে শুনেছি। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে সাপে কাটার ঘটনা বাড়ছে।”
কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিয়াকত আলী মোল্লা বলেন, “এই এলাকায় এখন সাপের উপদ্রব বেড়েছে। গতরাতে আমার ওয়ার্ডের আক্কাস আলী নামে একজন কৃষক সাপের কামড়ে মারা গেছেন। তার মরদেহ কবর দেওয়া হয়েছে।”
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, “জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম মজুত রয়েছে। কেউ সাপে কাটার শিকার হলে দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”
স্থানীয়রা জানান, সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বর্ষার সময় নিচু ও জঙ্গলাকীর্ণ এলাকায় সাপের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। তারা সাপ নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.