মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়: সারাদেশের মতো পঞ্চগড়েও আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে টাইফয়েড প্রতিরোধে প্রথমবারের মতো এক ডোজের বিনামূল্যে টিকাদান কর্মসূচি। টাইফয়েড একটি পানি ও খাদ্যবাহিত সংক্রামক রোগ যা টিকা গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হবে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের। জেলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৬৩ হাজার শিশুকে এই টিকার আওতায় আনা।
কর্মসূচির প্রথম দুই সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে। পরবর্তী দুই সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে।
শনিবার পঞ্চগড়ের আটোয়ারীতে দুই দিনব্যাপী ভ্যাকসিনেটর ও প্রথম শ্রেণির সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। তিনি জানান, টাইফয়েড প্রতিরোধে এই টিকা অত্যন্ত কার্যকর এবং এই কর্মসূচির সফল বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ূন কবীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইপিআই কর্মসূচির অবসরপ্রাপ্ত লাইন ডাইরেক্টর ডা. মাওলা বক্স চৌধুরী ও জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবু।
প্রশিক্ষণে উপজেলার ভ্যাকসিনেটর এবং প্রথম সারির ২০ জন সুপারভাইজার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে সিভিল সার্জন বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি গাছের চারা রোপণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.