মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়: জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজার থেকে লাঙ্গলগাঁও পর্যন্ত প্রায় ৩.২৫ কিলোমিটার সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
আজ (সোমবার) সকালে চলাচলের অনুপযোগী ওই সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক মানুষ।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা থাকলেও তেমন কোনো সমস্যা ছিল না। কিন্তু কাজী ফার্মস লিমিটেডের একটি বড় মুরগির খামার স্থাপনের পর প্রতিদিন ২০-৩০টি ভারি যানবাহনের চলাচলে সড়কটি ভেঙে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সৃষ্টি হয়েছে অসংখ্য খানা-খন্দ।
স্থানীয়দের অভিযোগ, খামার কর্তৃপক্ষ খানা-খন্দে ইটের খোয়া ফেলে অবস্থা আরও নাজুক করে তোলে। এছাড়া খামার থেকে প্রতিদিন মুরগির বিষ্ঠা পরিবহনের কারণে সড়কজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যার ফলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে।
কমলাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বাবলী আক্তার বলেন, "এই সড়ক দিয়ে আমাদের স্কুলে যেতে হয়। একটু বৃষ্টি হলেই কাদা আর পিচ্ছিল হয়ে যায়। তখন স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।"
পঞ্চগড় জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আমিনুর ইসলাম বলেন, “এই রাস্তাই আশপাশের কয়েকটি গ্রামের মানুষের একমাত্র চলাচলের পথ। অথচ কয়েক যুগেও এটি সংস্কার করা হয়নি। বহুবার আবেদন করেও কোনো কাজ হয়নি। এবার দাবি না মানলে সড়ক অবরোধ করা হবে।”
কমলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, “এই সড়ক ব্যবহার করে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। বর্ষায় কাদা আর শুকনো মৌসুমে ধুলার কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত এই সড়কটি পাকাকরণ জরুরি।”
এ বিষয়ে জানতে চাইলে এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী বলেন, “পঞ্চগড় সদর উপজেলার ৩.১৫ কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণে ডিপিপিতে প্রস্তাব পাঠানো হয়েছে। এই সড়কটিও সেখানে অন্তর্ভুক্ত রয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।”
এলাকাবাসী জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে সড়ক সংস্কারের কোনো আশ্বাস না পেলে তারা পঞ্চগড়-আটোয়ারী সড়ক অবরোধ করে কঠোর আন্দোলনের ডাক দিবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.