অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশ রক্ষায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেয়াঘাট সড়কে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব উপকূলীয় পরিবেশ ও প্রতিবেশকে হুমকির মুখে ফেলেছে। তাই পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। এ উদ্যোগে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”
তিনি আরও বলেন, “প্রত্যেকটি গাছের চারা রোপণের পর তার যত্ন নেওয়া প্রয়োজন। বৃক্ষরোপণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।”
“বৃক্ষ রোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিটি যৌথভাবে বাস্তবায়ন করছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী এবং পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলনের কার্যকরী সদস্য নজরুল ইসলাম, যুব সংগঠক গাজী নিয়াজ মোর্শেদ, তানজিল জামান জয় ও ইউপি সদস্য মো. মাসুম বিল্লাহ।
সংগঠক কামাল হাসান রনি জানান, “প্রতি বছরের মতো এবারও আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। শুধু গাছ লাগানো নয়, বরং গাছকে রক্ষা করাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.