যশোর প্রতিনিধি
নকল লোগো ব্যবহার করে অবৈধভাবে সিলিন্ডার রিফিল ও বাজারজাত করার দায়ে যশোর শহরের করিম পেট্রোলিয়ামকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের কারবালা রোড এলাকায় করিম পেট্রোলিয়ামের মালিকানাধীন একটি বাড়ির সংলগ্ন গোডাউনে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, করিম গ্রুপের পরিচালক এরশাদুল করিমের ছেলে ইসরাক করিম তার নিজ বাসায় অবৈধভাবে এলপিজি সিলিন্ডার রিফিল করতেন। তিনি যানবাহনে ব্যবহৃত উচ্চদাহ্য এলপিজি গ্যাস বাসাবাড়ির সিলিন্ডারে রিফিল করে নাভানা, বসুন্ধরা, বেঙ্গল-দুবাইসহ বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের নকল লোগো লাগিয়ে বাজারজাত করতেন।
অভিযানকালে নাভানার স্থানীয় পরিবেশক আরমান আলী টুটুল উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, যানবাহনে ব্যবহৃত এলপিজি ও গৃহস্থালির সিলিন্ডারের গ্যাসের গঠনগত পার্থক্য রয়েছে। সাধারণ গ্রাহক তা বুঝতে না পারায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।
তিনি আরও বলেন, বাজারে নাভানার ৩৩ কেজির সিলিন্ডার না থাকলেও গ্রাহকদের ঘরে তা দেখা যাচ্ছিল, যা সন্দেহের উদ্রেক করে। অনুসন্ধানে করিম পেট্রোলিয়ামের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে।
অভিযানে ১৮টি অবৈধভাবে রিফিল করা সিলিন্ডার জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা অনুযায়ী ইসরাক করিমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়, যা ঘটনাস্থলেই আদায় করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.