
শেখ আরিফুজ্জামান, কালিগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিষাক্ত স্প্রে প্রয়োগ করে একের পর এক বাড়িতে লুটপাটের ঘটনা আতঙ্কের জন্ম দিয়েছে। সর্বশেষ সোমবার (২৯ জুলাই) রাতে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাবেক বিএনপি নেতা মো. জুলফিকার আলী ও তার স্ত্রী দুর্বৃত্তদের ছোঁড়া স্প্রের শিকার হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় নলতা ডায়াবেটিস বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাঁরা দুজনেই অচেতন অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত জুলফিকার আলীর বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর বিষাক্ত স্প্রে ছিটিয়ে দেয়। ফলে তারা অচেতন হয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
পরদিন সকালে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জুলফিকার আলীর ছেলে মো. ওয়াহিদ মুরাদ (উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, পাইকগাছা, খুলনা) বলেন, "আমি এখনো বাড়িতে যেতে পারিনি। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে পারছি না। তবে মা-বাবার শারীরিক ক্ষতি এখনই অপূরণীয়। কখনো জ্ঞান ফিরছে, আবার হারিয়ে ফেলছেন।"
এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি, তবে খুব শিগগিরই তা করা হবে বলে তিনি জানান।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য গোবিন্দ চন্দ্র মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, "জুলফিকার আলী দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং গত নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।"
কালিগঞ্জ থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, "এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে এ ধরনের বিষাক্ত স্প্রে প্রয়োগ করে লুটপাটের একাধিক মামলা পেন্ডিং রয়েছে। এর মধ্যে বিষ্ণুপুর ও মহৎপুর এলাকার ঘটনাগুলোর উল্লেখযোগ্য।"
তিনি আরও বলেন, "পুনরাবৃত্তি ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। তবে দুর্বৃত্তরা এমন ঘর টার্গেট করছে যা লোকচক্ষুর আড়ালে। সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.