হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন বাংলাদেশি প্রবাসী শ্রমিক। তাদের মধ্যে একজন যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের মানিক আলী গ্রামের জাহিদ হাসান (২৫)। নিহত অন্য দুইজনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া ও যশোরের মনিরামপুর উপজেলায়।
স্থানীয় সময় শুক্রবার (১ জুলাই) রাতে মালয়েশিয়ার একটি অভ্যন্তরীণ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। সহকর্মীদের বরাতে জানা যায়, কাজ শেষে পাঁচজন শ্রমিক একসঙ্গে বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ গাড়ির চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, এবং বাকি দুইজন গুরুতর আহত হন। আহতরা বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত জাহিদ হাসান মাত্র কিছু মাস আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়া পাড়ি দেন। প্রথমে একটি কোম্পানিতে যোগ দিলেও পরে তাকে অন্য কোম্পানিতে স্থানান্তর করা হয়। সেখান থেকেই কাজ শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে মালয়েশিয়া পুলিশ জানায়, গাড়ির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না। এটি দুর্ঘটনার অন্যতম কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নিহত জাহিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.