আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবকলীগের এক নেতার প্রার্থী হওয়ার ঘটনায় সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন।
শুক্রবার (১ আগস্ট) রাত ৮টায় দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জাকির হোসেন লিখিত বক্তব্যে বলেন, তিনি দীর্ঘ ১৫ বছর ধরে ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারের সম্মেলনে অংশ নিতে গিয়ে তিনি দেখতে পান, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন নওয়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
জাকির অভিযোগ করে বলেন, তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দলীয় পরিচয় নিশ্চিত করে তার প্রমাণপত্রসহ বিষয়টি ওয়ার্ড বিএনপির টিম লিডার ও অন্যান্য নেতাদের কাছে উপস্থাপন করেন। কিন্তু টিম লিডার প্রতিপক্ষের প্রভাবে তার আপত্তি খারিজ করে দেন এবং সাইফুল ইসলামকে প্রার্থী হিসেবে অংশগ্রহণের অনুমতি দেন।
তিনি আরও বলেন, “একজন আওয়ামী লীগ নেতাকে বিএনপির সম্মেলনে প্রার্থী করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ও নীতির সম্পূর্ণ পরিপন্থী।”
জাকির হোসেন দাবি করেন, তিনি ১৬ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে ৮টি মিথ্যা মামলা হয়েছে এবং তিনি একাধিকবার কারাবরণ করেছেন। এমনকি ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার পতনের দিনেও তিনি কারাগারে ছিলেন।
সাংবাদিক সম্মেলনে জাকির হোসেন জেলা বিএনপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে তিনি ওই সম্মেলনের ভোট বর্জনের ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.