খালিদ হাসান, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় ওই এলাকার কাঁচা রাস্তায় মানববন্ধনের পাশাপাশি কচুগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ জানান তারা।
মানববন্ধনে অংশ নেন সাতুরিয়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দা, শিক্ষার্থী, শিক্ষক এবং সমাজসেবীরা। বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ আব্দুল লতিফ মোল্লা, বাশার, আবুল বাশার, ইয়সিন, মাদ্রাসা শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষিকা নাজমিন বেগম এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিদ ও মাহিম।
বক্তারা বলেন, মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই কাঁচা সড়কটি স্বাধীনতার পরপরই নির্মাণ হলেও ৫৪ বছরেও পাকাকরণ হয়নি। বর্ষা মৌসুমে সড়কটি কাদায় একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে করে কৃষক, শিক্ষার্থী, নারী ও বৃদ্ধসহ কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।
তারা আরও জানান, রাস্তার কর্দমাক্ত অবস্থার কারণে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত ও জরুরি রোগী পরিবহনে মারাত্মক সমস্যা হয়। ফলে জীবনের ঝুঁকিও বেড়ে যায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে মোল্লাবাড়ি-জোড়াপোল-গোয়ালবাড়ি সড়কটি প্রশস্ত করে পাকাকরণ করার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি। স্থানীয়রা হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্যহবেন তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.