কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ও রোববার ভোরে মিরপুর ও দৌলতপুর উপজেলায় এসব অভিযান চালায় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি সূত্র জানায়, আজ রোববার (৩ আগস্ট) ভোর ৫টার দিকে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মিরপুর উপজেলার কাতলামরী এলাকায় অভিযান চালিয়ে ৩০০ কেজি অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে। যার বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা।
অন্যদিকে শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্ত এলাকায় জামালপুর বিওপি’র টহল দল অভিযান চালায়। হাবিলদার মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযানে ভারতীয় ১০০ গ্রাম হেরোইন ও ৩০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৯০ হাজার টাকা।
তবে পৃথক এই দুটি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে। উদ্ধারকৃত মাদক ও অবৈধ জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা রাখা হয়েছে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুশের্দ রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.