কোটালীপাড়া প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ রথিন বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ার শুয়াগ্রামে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে উপজেলা প্রশাসন, থানা ও বিএনপি নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কোটালীপাড়া উপজেলা প্রশাসন, থানা এবং উপজেলা ও পৌর বিএনপির নেতারা একসঙ্গে শহিদের সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ এবং শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর খান।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেশত্যাগের পর গণঅভ্যুত্থানে অংশ নিতে শহিদ রথিন বিশ্বাস ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন। সেখানে একটি কাচ ভেঙে তার মাথায় পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি। পরবর্তীতে সহযোদ্ধারা তাকে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তিনি মৃত্যুবরণ করেন।
রথিন বিশ্বাস কোটালীপাড়ার শুয়াগ্রামের দানিয়েল বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার পশ্চিম রাজা বাজারের উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ বলেন, “শহিদ রথিন বিশ্বাসসহ জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে কোটালীপাড়া উপজেলা প্রশাসন সবসময় আছে এবং থাকবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.