গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি হাইস্কুলে বসার জায়গাকে কেন্দ্র করে সহপাঠীদের ছুরিকাঘাতে আহত হয়েছে নবম শ্রেণির ছাত্র হাকিম সিকদার। শনিবার (৩ আগস্ট) সকালে বিদ্যালয়ের ক্লাসরুমেই এ হামলার ঘটনা ঘটে।
আহত হাকিম সিকদারের মা শিল্পী বেগম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন আজিজুল শেখের ছেলে আশিক শেখ, হাছিব শেখ এবং মিজানুর রহমান শেখের ছেলে ইয়ামিন শেখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওইদিন সকাল বেলা ক্লাস কক্ষে বসার স্থান নিয়ে বিরোধের জেরে আশিক শেখ, হাছিব শেখ ও ইয়ামিন শেখ মিলে হাকিমকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে শিক্ষক ও সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় হাকিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর গোপালগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আশিক শেখকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। অপর দুই আসামি ইয়ামিন শেখ ও হাছিব শেখ এখনো পলাতক।
ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই আসাদ জানান, “আশিক শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে হাকিমের পরিবার জানিয়েছে, হামলার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.